আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজের অবসর নিয়ে মঈন বলেছেন, “আমার এখন ৩৭ বছর বয়স। চলতি মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময়, এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায় শেষ।”
টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মঈন ইংল্যান্ডের হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনটি বিশ্বকাপে ছিলেন দলের সহ-অধিনায়ক। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তার। বিশেষ করে ব্যাট হাতে। ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ ফিফটি পান ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর ১৩ ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান ৪২।
বিদায় বলার সময় সব ফরম্যাট মিলে তার সংগ্রহে ছিল ৬,৬৭৮ রান, ৮ সেঞ্চুরি, ২৮টি হাফসেঞ্চুরি এবং ৩৬৬ উইকেট। অবসর নিয়ে ফেলায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচটাই হয়ে থাকলো তার সর্বশেষ।
সাক্ষাৎকারে এই অলরাউন্ডার আরও বলেন, “আমি ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি বাস্তবতা জানি, তাই চেষ্টা করব না। (ইংল্যান্ডের হয়ে খেলার জন্য) আমি যথেষ্ট ভালো নই, অবসর নেওয়ার পরও এটা মনে হচ্ছে না। আমার এখনো মনে হয়, আমি খেলতে পারব। কিন্তু আমি আসল পরিস্থিতি বুঝতে পেরেছি, দলের এখন নতুন চক্রে প্রবেশ করা প্রয়োজন। এটা নিজের কাছেও সৎ থাকার বিষয়।”
ইংল্যান্ডের হয়ে ৬৮ টেস্টে মঈন উইকেট নিয়েছেন ২০৪টি, সেঞ্চুরি আছে ৫টি। টেস্টের এই অর্জনে তিনি বিশেষভাবে গর্বিত। মঈন আলী বলেন, “যদিও সংখ্যাটা মাত্র পাঁচ, কিন্তু এটার অনেক মানে। কারণ আমি বেশির ভাগ সময় নিচের দিকে খেলেছি।”



