নোমান আলির পর পর দুই উইকেট শিকারের মধ্য দিয়েই ঘরের মাঠে দীর্ঘ সময় পর টেস্ট ম্যাচ জয়ের সুবাস পেল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৫২ রানে জয় লাভ করলো পাকিস্তান। এর মধ্য দিয়েই ঘরের মাঠে টানা সাতটি টেস্ট সিরিজ হারের অধ্যায়ের সমাপ্তি ঘটালো পাকিস্তান।
পাকিস্তান ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বশেষ ঘরের মাঠে টেস্ট জিতেছিল। এরপর টানা ১১টি টেস্টে জয়ের দেখা পায়নি পাকিস্তান।
গতকাল খেলা শেষে পঞ্চম দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬১ রানের। অপরদিকে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ উইকেটের। নোমান আলির স্পিন ঘুর্ণিতে দ্বিতীয় সেশনেই জয়ের দেখা পেয়ে যায় পাকিস্তান। স্পিন ঘুর্ণিতে ব্যাটিং পিচ হওয়ার পরও তান্ডব চালালেন সাজিদ খান ও নোমান আলি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ২০ উইকেটের ৯টি সাজিদ খানের দখলে আর বাকি ১১টিই নোমান আলি শিকার করেন যার ৬টিই দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয় টেস্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সাজিদ খান।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের দেওয়া পাহাড়সম রানের টার্গেটে ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান। আর আজ টেস্ট জয়ের মধ্য দিয়ে সিরিজ সমতায় আনলো তারা।



