Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ

ইতিহাসে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতীয় তারকা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

চিনের ডিং লিরেনকে হারিয়ে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ডি গুকেশ। প্রথম ভারতীয় এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন তিনি। ১৮ বছর বয়সী গুকেশ ৭.৫-৬.৫ স্কোরে জিতেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আসরের ১৪তম ম্যাচ ছিল। ১৩ ম্যাচ শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ ও লিরেন দুই জনেরই। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে সে জিতবে। আজ গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হয়নি।

গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড গড়লেন ভারতীয় তারকা। গুকেশ ১৮ বছর ৮ মাস ১৪ দিনে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু কাসপারভ প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছরে।

১৪তম রাউন্ডের আগে চাপটা গুকেশের উপরেই ছিল। তিনি কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন। প্রতিযোগী ছিলেন ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেন। একটা সময় মনে হয়েছিল যে ম্যাচটা ড্র হয়ে টাইব্রেকারে গড়াবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। কিন্তু ৫৫তম চালে মারাত্মক ভুল করেন চিনা দাবাড়ু। সেই ভুল এতটাই মারাত্মক ছিল যে গুকেশের হাতে কার্যত বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব তুলে দেন।

শেষ পর্যন্ত গুকেশের কাছে হার স্বীকার করে নেন ডিং লিরেন। আর তারপরই কেঁদে ফেলেন ১৮ বছরের ভারতীয় তারকা গুকেশ। তিনি যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, সেটা আত্মস্থ করে নিতে কিছুক্ষণ সময় নেন। তারপর ট্র্যাডিশন মেনে ঘুঁটি সাজাতে শুরু করেন। ততক্ষণে সম্ভবত কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন কী অবিশ্বাস্য কাজটা করেছেন তিনি। পূরণ করেছেন নিজের স্বপ্ন, দেশের স্বপ্ন। যে স্বপ্নটা ১১ বছর থেকেই দেখতে শুরু করেছিলেন গুকেশ। যেদিন তিনি বলেছিলেন, “আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই।”

সাত বছর বয়সে দাবায় হাতেখড়ি গুকেশের। এক বছর পরই অনূর্ধ্ব ৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব ১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের শহর চেন্নাইয়ে জন্ম গুকেশের। বাবা চিকিৎসক। মা মাইক্রোবায়োলজিস্ট।

   

About

Popular Links

x