Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন

দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

দাবায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদের ড্রেসকোড নিয়ম ভঙ্গ করায় নিউইয়র্কে ওয়ার্ল্ড র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ থেকে অযোগ্য ঘোষিত হয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে একবার সতর্ক করার পরও পরনের জিন্স প্যান্ট তিনি পাল্টাতে চাননি। সোমবার থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন।

শুরুতে ৭ম রাউন্ড শেষে জিন্সের জন্য নরওয়েজিয়ান এই দাবাড়ুকে ২০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল। কিন্তু ৯ম রাউন্ডে তাকে পোশাক বদল করতে বলা হলেও সেটি তিনি অনুসরণ করেননি। তাই একই অপরাধের পুনরাবৃত্তি করায় তাকে অযোগ্য ঘোষিত করেন আরবিটার অ্যালেক্স হোলোভজ্যাক। এ ঘটনার পরই কার্লসেন জানান, তিনি ব্লিটৎজ দাবাতেও অংশ নেবেন না।

ফিদে তাদের বিবৃতিতে বলেছে, ‘‘শুক্রবার ম্যাগনাস কার্লসেন জিন্স পরে পোশাকের নীতিমালা ভেঙেছেন, যেটা এই ইভেন্টে দীর্ঘকালীনভাবেই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। প্রধান বিচারক কার্লসেনকে এই নিয়ম ভাঙার বিষয়ে জানিয়েছেন, ২০০ ডলার জরিমানাও করেছেন এবং পোশাক পাল্টানোর অনুরোধ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে কার্লসেন তা প্রত্যাখ্যান করেছেন, যার ফলে নবম রাউন্ডে তাকে নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত পক্ষপাতহীন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য।’’

জবাবে কার্লসেন একটি পডকাস্টে বলেন, ‘‘বলেছিলাম আগামীকাল পাল্টাব, কিন্তু তারা বলেছে এখনই পাল্টাতে হবে। আমার জন্য এটা নীতিগত ব্যাপার, তাই বিষয়টি এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সত্যি বলতে, এত পাত্তা দেওয়ার মতো বয়সও আমার নেই। যদি তারা এটাই করতে চায়, তাহলে আমি হয়তো অন্য কোথাও যাব, যেখানে পরিবেশটা আরেকটু ভালো।’’

উল্লেখ্য, ওয়ার্ল্ড র‍্যাপিডে ৫ বার এবং ব্লিটৎজে ৭ বারের চ্যাম্পিয়ন কার্লসেন। ৩৪ বছর বয়সী এই নরওয়ের গ্র্যান্ডমাস্টার তার দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘‘আমি ফিদের ওপর খুব বিরক্ত। তাই ওদের সঙ্গে আর কোনোকিছুই করতে চাই না। সবার কাছে দুঃখ প্রকাশ করছি, হয়তো এটা বোকামিসুলভ নীতি, কিন্তু ব্যাপারটা মজার নয়।’’

   

About

Popular Links

x