অস্ট্রেলিয়ার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিনেই বেশ কয়েকবার বিতর্কে জড়ান দুই দলের খেলোয়াড়রা। তার মধ্যে সবচেয়ে আলোচিত হলো- অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেক হওয়া স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন বিরাট কোহলি। আলোচিত সেই ঘটনার পর শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)।
বোর্ডার-গাভাস্কার সিরিজের ৪র্থ টেস্টে প্রথম দিনে খুব ভালো অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ৩১১ রান।
এক প্রতিবেদনে ক্রিকবাজ জানিয়েছে, ম্যাচ চলাকালীন কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনাই কোহলি ম্যাচ ফির ২০% জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করায় এই শাস্তি পেয়েছেন তিনি।
আইসিসির নিয়মে বলা হয়েছে, ক্রিকেটে যেকোনো ধরনের শারিরীক আঘাত অনুপযুক্ত। যদি কোনো ক্রিকেটার ইচ্ছাকৃত, বেপরোয়া কিংবা উদাসীনভাবেও প্রতিপক্ষ ক্রিকেটার বা আম্পায়ারের দিকে তেড়ে, দৌড়ে যায় কিংবা কাঁধ দিয়ে ধাক্কা দেয় তাহলে সেটি সিওসি নীতিমালা ভঙ্গ করে।
ঘটনাটি ঘটে ইনিংসের দশম ওভারে। রিপ্লেতে দেখা যায়, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। এমন সময় কোহলিই পাশ থেকে অনেকটা দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাকে গিয়ে ধাক্কা মারেন। ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি। তবে এই কাজের জন্য কোহলি কখনোই গর্ব অনুভব করবেন এমন মনে করেন না সাবেক এই ইংলিশ অধিনায়ক।



