Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চ্যাম্পিয়ন্স ট্রফি: স্ত্রী-প্রেমিকাদের ছাড়াই খেলতে যাবেন রোহিত-কোহলিরা

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে রোহিত-কোহলিরা। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে ভারত ক্রিকেট দল। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী, তিনসপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে রোহিত-কোহলিরা কেউই তাদের পরিবারের কাউকে সঙ্গে নিতে পারবেন না।

বিসিসিআইয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে ৪৫ দিনের বেশি ভ্রমণের ক্ষেত্রে সফরে সঙ্গী ও সন্তানদের নেওয়া যাবে। তবে প্রতি সিরিজে একবারই নেওয়া যাবে এবং অবস্থান করতে পারবে সর্বোচ্চ ২ সপ্তাহ। এ ক্ষেত্রে খেলোয়াড় ও তার পরিবারের আবাসনের খরচ বিসিসিআই বহন করবে।

এই নির্দেশনা অমান্য করলে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট খেলতে না দেওয়া, বেতন-ভাতা থেকে টাকা কেটে নেওয়ার শাস্তিও হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ক্রিকেটারদের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ সূত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘পরে কোনো কিছু পাল্টানো হলে সেটা হবে ভিন্ন কথা। তবে এখন পর্যন্ত এই সফরে স্ত্রী কিংবা প্রেমিকাকে সঙ্গে পাবেন না খেলোয়াড়েরা। সিনিয়র খেলোয়াড়দের একজন এ বিষয়ে খোঁজ নিয়েছিলেন। তাকে বলা হয়েছে, ভ্রমণ নির্দেশনা মেনে চলতে হবে।’’

তিনি আরও বলেছেন, ‘‘সফর যেহেতু এক মাসেরও কম সময়ের, খেলোয়াড়দের সঙ্গে তাই তাদের পরিবার থাকবে না। তবে ব্যতিক্রমী কিছু ঘটলে, আমার মনে হয় সেই খেলোয়াড়কে পুরো ব্যয়ভার বহন করতে হবে, বিসিসিআই খরচ দেবে না।’’

এছাড়াও নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই অনুশীলন সেশনের পুরোটা সময় দলের সঙ্গে থাকতে হবে। নিজের অনুশীলন শেষ হয়ে গেলে কোচের সঙ্গে সমন্বয় ব্যতিত চলে যাওয়া যাবে না।

   

About

Popular Links

x