তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
রবিবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। টানা ৯ ম্যাচে টসে হারার পর অবশেষে টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং বেছে নেন।
মিরপুরের মন্থর পিচে নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৩ ওভারে পাকিস্তানকে মাত্র ১১০ রানেই আটকে দেয় তাসকিন-মোস্তাফিজরা। নতুন বলে শেখ মেহেদীকে দিয়ে শুরু করান লিটন দাস। প্রথম ওভারেই পেতে পারতেন সাফল্যও। কিন্তু ক্যাচ ছেড়ে দেন তাসকিন আহমেদ। ৪ রানে বেঁচে যান ফখর জামান। ক্যাচ ছাড়ার ক্ষতিপূরণ তাসকিন দেন পরের ওভারে। বোলিংয়ে এসে তিনি ফিরিয়ে দিলেন সাইম আইয়ুবকে। মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ৪ বলে ৬ রান করে ফেরেন সাইম। এরপর আর কোনো ব্যাটসম্যানকে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ৭ রানে প্রথম ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে ম্যাচটিকে বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০ রানের কমে প্রথম ২ উইকেট খোয়ানোর পর তৃতীয় উইকেটে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জুটি হয়ে রইল। আগের রেকর্ডটি ছিল ৬৯।
এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ জয় পেল বাংলাদেশ। মিরপুরে আজ প্রথম টি–টোয়েন্টিতে ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতে সিরিজে এগিয়ে রইল বাংলাদেশ। ১৬তম ওভারের তৃতীয় বলে সালমান মির্জাকে চার মেরে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন জাকের আলী। এসময় ওপেনার পারভেজ হোসেন ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১৯.৩ ওভারে ১০/১১০: (ফখর ৪৪, আব্বাস ২২, খুশদিল ১৭, তাসকিন ৩/২২, মোস্তাফিজ ২/৬)
বাংলাদেশ ১৫.৩ ওভারে ৩/১১২: (ইমন ৫৬*, হৃদয় ৩৬, জাকের ১৫*, সালমান ২/২৩)



