বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক কিশোর ব্যবহারকারীদের জন্য চালু করেছে নতুন একটি সুরক্ষা ফিচার। নতুন এই ফিচারের মাধ্যমে কিশোর-কিশোরীরা ভিডিও আপলোড করলে তা তাদের মা-বাবাকে জানানো হবে।
এই উদ্যোগটি এসেছে প্ল্যাটফর্মের “Family Pairing” বা পারিবারিক সংযোগ সিস্টেমের আওতায়। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা সরাসরি দেখতে পারবেন সন্তান কতটা সক্রিয় টিকটকে এবং তারা কী ধরনের কনটেন্ট শেয়ার করছে।
এই ফিচারের অংশ হিসেবে এখন থেকে কিশোর ব্যবহারকারীরা টিকটকে যখন নতুন ভিডিও আপলোড করলেই মা-বাবা নোটিফিকেশন পাবেন। সন্তানরা কোন কোন বিষয় বেছে নিয়েছে তা দেখারও সুযোগ পাবেন এবং কিশোর ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কী ধরনের প্রাইভেসি সেটিং রয়েছে সেটিও দেখতে পারবেন তারা।
অনেকের ধারণা, তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে টিকটক। ফলে প্লাটফর্মটি এসব নতুন নিরাপত্তা ফিচার সেই আশঙ্কা কমানোর লক্ষ্যে চালু করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এছাড়াও, টিকটক এমন কিছু নতুন ফিচারও চালু করেছে, যা কনটেন্ট নির্মাতাদের মানসিক সুস্থতা রক্ষা করবে। যার মধ্যে রয়েছে, উন্নতমানের কমেন্ট ফিল্টার সুবিধা, নির্দিষ্ট শব্দ, ইমোজি বা টিকটক লাইভকে মিউট করার ফিচার।
দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে পড়েছে টিকটক’সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। কারণ, এসব প্ল্যাটফর্মে তরুণদের যেসব কনটেন্ট দেখানো হয় তা নিয়ে উদ্বেগ রয়েছে মা-বাবাদের মধ্যে।
এসব উদ্বেগে যথাযথ সাড়া না দেওয়ার জন্যও টিকটক সমালোচিত হয়েছে। যার মধ্যে রয়েছে, গত বছর অফকমের এক আনুষ্ঠানিক অনুরোধের সাড়া দিতে ব্যর্থ হওয়ার কারণে ১৮ লাখ পাউন্ডের জরিমানা গুনতে হয়েছে টিকটককে।
কীভাবে কাজ করবে ফিচারটি?
সন্তান এবং অভিভাবক- উভয়ের টিকটক অ্যাকাউন্ট “Family Pairing”-এর মাধ্যমে যুক্ত করতে হবে।
সন্তান নতুন কোনো ভিডিও পোস্ট করলেই অভিভাবকের ডিভাইসে একটি নোটিফিকেশন যাবে।
তবে অভিভাবক ভিডিওর বিষয়বস্তু পরিবর্তন বা মুছে ফেলতে পারবেন না- শুধু আপলোডের তথ্য পাবেন।
এই ফিচারটি প্রথমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশে চালু হচ্ছে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশেও চালু হবে বলে জানায় টিকটক।



