Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান দায়িত্বে থাকবে কিনা জানাল বাংলাদেশ ব্যাংক

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিবিসি বাংলাকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন

আপডেট : ০১ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

গ্রাহক ও কর্মকর্তাদের একাংশের তীব্র আন্দোলন ও বিক্ষোভের মুখেও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না। 

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিবিসি বাংলাকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

এদিকে, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে আজ সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন গ্রাহকেরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটে।

চলমান আন্দোলনের মুখেও ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বপদে বহাল রাখা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “আন্দোলনের সাথে (নিিয়োগের) কোনো সম্পর্ক নেই। আজকে যদি বাংলাদেশ ব্যাংক এই আন্দোলনের কারণে কোনো সিদ্ধান্ত নেয়, তারপর যদি সেই সিদ্ধান্তের কাউন্টারে আরেক গ্রুপ আন্দোলন করে, তখন বাংলাদেশ ব্যাংক কী করবে? সুতরাং, বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব গতিতে চলবে। আন্দোলন দ্বারা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।”

উল্লেখ্য, গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ওই দিনই ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে একদল ব্যক্তির আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। বর্তমানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) দীর্ঘ ছুটিতে রয়েছেন।

সোমবার সকাল থেকে ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল ব্যক্তি নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পুলিশের এই অ্যাকশনে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

   

About

Popular Links

x