Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওজন কমিয়েও ত্বকের লাবণ্য ধরে রাখবেন যেভাবে

ওজন কমানোর পর গাল বা গলায় ভাঁজ, চামড়া ঢিলা হয়ে যাওয়া মোটেও কাঙ্ক্ষিত নয়

আপডেট : ০৩ মে ২০২৬, ০১:২৭ পিএম

ওজন কমানোর পর আয়নায় নিজেকে দেখে অনেকেই খুশি হন। কিন্তু সেই খুশিতে খানিকটা ভাঁটা পড়ে, যখন দেখা যায় ত্বক আর আগের মতো টানটান নেই। গাল বা গলায় ভাঁজ, চামড়া ঢিলা হয়ে যাওয়া, এ দৃশ্য মোটেই কাঙ্ক্ষিত নয়। অথচ একটু সচেতন হলে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ওজন কমিয়েও যেভাবে টানটান রাখা যায় ত্বক

কোলাজেন ও ইলাস্টিন—এই দুই প্রোটিন ত্বককে দেয় দৃঢ়তা আর স্থিতিস্থাপকতা। ওজন বাড়লে ত্বক প্রসারিত হয়, কিন্তু খুব দ্রুত ওজন কমলে সেই প্রসারিত ত্বক আর আগের জায়গায় ফিরতে পারে না। ফলে তৈরি হয় ঢিলে ভাব। শুধু তাই নয়, যদি ওজন কমানোর সময় চর্বির সঙ্গে পেশিও কমে যায়, তাহলে শরীর আরও শিথিল দেখাতে শুরু করে। বয়স, ধূমপান বা অপুষ্টিও এই সমস্যাকে বাড়িয়ে দেয়।

তাই শুধু ওজন কমানোই লক্ষ্য হলে চলবে না, লক্ষ্য হতে হবে সঠিকভাবে ওজন কমানো। ধীরে ধীরে মেদ ঝরানো ত্বককে মানিয়ে নেওয়ার সময় দেয়। এর পাশাপাশি রেজিস্ট্যান্স ট্রেনিং, যেমন ওজন তোলা বা বডিওয়েট এক্সারসাইজ—পেশিকে মজবুত করে, যা শরীরকে টানটান দেখাতে সাহায্য করে।
খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। প্রোটিনসমৃদ্ধ খাবার কোলাজেন তৈরিতে সহায়ক, আর পর্যাপ্ত পানি ত্বককে ভেতর থেকে সজীব রাখে। নিয়মিত ত্বকের যত্নও কিছুটা পার্থক্য গড়ে দিতে পারে।

তবে কারও ক্ষেত্রে যদি সমস্যা বেশি হয়, তখন চিকিৎসার সাহায্য নেওয়া যেতে পারে। হায়ালুরোনিক অ্যাসিডের মতো কিছু আধুনিক পদ্ধতি ত্বকের কোলাজেন ও ইলাস্টিন বাড়াতে সাহায্য করে, ফলে ত্বক কিছুটা টানটান হয়।

সব মিলিয়ে, ওজন কমানোর যাত্রা যেন শুধুই সংখ্যা কমানোর মধ্যে সীমাবদ্ধ না থাকে। সঠিক ডায়েট, নিয়মিত ব্যায়াম আর ধৈর্য—এই তিনের সমন্বয়েই পাওয়া যায় সুস্থ, সুন্দর ও টানটান শরীর।

   

About

Popular Links

x