Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাথর লুটে জড়িতদের তালিকাসহ তদন্ত প্রতিবেদন জমা

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তালিকায় অভিযুক্ত ১৩৭ জনের নাম রয়েছে

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকার পাথর লুটের ঘটনায় ঘটিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিদায়ী জেলা প্রশাসকের (ডিসি) কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে পাথরকাণ্ডে জড়িতদের নামোল্লেখসহ ১০টি সুপারিশ তুলে ধরা হয়েছে।

তবে, প্রতিবেদনে কতজনের নামোল্লেখ করা হয়েছে- সে তথ্য তিনি এ প্রতিবেদকের কাছে উল্লেখ করেননি।

তিনি জানান, বিষয়টি তার এখতিয়ার বহির্ভূত। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, লুটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে।

অপর একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে সংবাদমাধ্যমসহ একাধিক মাধ্যম থেকে পাওয়া বিভিন্ন ব্যক্তির নামের একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। তালিকায় ১৩৭ জনের নাম রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে। এদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী। প্রতিবেদনে কারা-কীভাবে পাথর লুট করে এবং পরিবেশ বিনষ্ট করে; সে বিষয়ে তুলে ধরা হয়েছে।

এদিকে, ওএসডি হওয়া জেলা প্রশাসক বুধবারই সিলেট ছেড়েছেন। নতুন জেলা প্রশাসক বৃহস্পতিবার দায়িত্ব নেবেন বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। এরপর তদন্ত প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হতে পারে।

লুটপাটকারীদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, “সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরে পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। কাজ চলছে সতর্ককতার সঙ্গে। যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় আসে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন। তালিকা তৈরির পর তা প্রকাশ করা হবে।”

বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “সিলেটে চোরাচালান ও খনিজসম্পদ রক্ষায় জনবল বাড়ানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। এরমধ্যে একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও পুলিশের জনবলও বাড়ানো হচ্ছে। এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন। এছাড়া আরও ক্যাম্প এবং চেকপোস্টও বসানো হবে।”

লুটকারিদের পূর্ণাঙ্গ তালিকা প্রসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে গোয়েন্দা বাহিনীসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে কাজ চলছে। যাতে প্রকৃত লুটপাটকারীদের নাম তালিকায় প্রকাশ হয় এবং নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রেখে কাজ হচ্ছে। সেজন্য একটু সময় দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।”

প্রসঙ্গত, সাদা পাথর পর্যটন এলাকা থেকে পাথর লুটের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। অভিযানে নামে যৌথবাহিনী। লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান শুরু করে তারা। এ ঘটনার পর জেলা প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার ও সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুল ইসলাম লিংকন সদস্য করা হয়। ওই কমিটির গত ১৭ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা ছিল। পরে আরও তিনদিন সময় বাড়ানো হয়। তদন্ত শেষে বুধবার প্রতিবেদন দাখিল করেন কমিটির সদস্যরা।

   

About

Popular Links

x