প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে সরকার।
বুধবার (২৭ আগস্ট) কমিটি গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্দোলনের মধ্যে এই প্রজ্ঞাপন জারি হলো।
কমিটির সভাপতি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী মো. কবির হোসেন, প্রকৌশলী তানভির মঞ্জুর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
এই কমিটি এক মাসের মধ্যে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে। কমিটি প্রয়োজনবোধে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
এদিকে আজ দুপুর ২টার দিকে ৩ দফা দাবি মেনে না নেওয়ায় আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দিলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।



প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০