নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় একটি বাড়িতে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রবিবার (১০ মে) সকালে ফতুল্লার ভূইগর গিরিধারা এলাকার ৬ নাম্বার সড়কের একটি ৮ তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭ টার দিকে ওই বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “ওই বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাটের পশ্চিম পাশের রুমের সঙ্গে থাকা রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়। পরে ভাড়াটিয়াদের কেউ সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে ওই ভাড়াটিয়া পরিবারের ৫ জন দগ্ধ হন। বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।”
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, “অগ্নিদগ্ধ ৫ জনের অবস্থাই আশংকাজনক। আহতদের মধ্যে মো. কালাম ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মা ৬০ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, মেয়ে মুন্নি ৩৫ শতাংশ ও কথা ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। আহতদের সবার অবস্থা আশংকাজনক।”



