Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় নিহত ৬

রবিবার সন্ধ্যায় জামগড়া এলাকায় পোশাক কারখানার চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকায় পোশাক কারখানার চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। গুরুতর দুজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘‘ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।’’ 

পুলিশ জানায়, ঘটনার পরপরই জয়নব বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার বাসিন্দা। অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এতে মৃতের সংখ্যা দাঁড়ায় ৬ জনে। 

এর আগে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ করেই বিকট শব্দে লরির সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় লরির যন্ত্রাংশ বা সিলিন্ডারের অংশ ছিটকে গিয়ে পার্শ্ববর্তী দোকানের এক নারীকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, ‘‘কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভিতরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কোম্পানির পরিত্যক্ত একটি জায়গায়। বর্তমানে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’’ 

   

About

Popular Links

x