Sunday, November 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত

থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্ত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

রাজধানীর পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, “আতঙ্ক সৃষ্টির করতেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারে অবস্থান নেন। সেখান থেকে তারা থানার প্রাঙ্গণ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। ককটেলটি বিস্ফোরিত হলে থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি ৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের আঘাত লাগে। এতে তিনি সামান্য আহত হন।

এদিকে, রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এবং আশপাশের কয়েকটি স্থানে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর তিনজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

   

About

Popular Links

x