Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এমপি বাহার: আমাকে এলাকা ছাড়তে বলে সিইসি ভুল করেছেন

এভাবে একজন সাংসদের সম্মানহানি করায় তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন বলেও জানান বাহাউদ্দিন বাহার

আপডেট : ১৫ জুন ২০২২, ০২:০৭ পিএম

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দেওয়ার পর কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে নির্বাচনি এলাকা ছাড়তে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভুল করেছেন। এভাবে একজন সাংসদের সম্মানহানি করায় তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন বলেও জানান বাহাউদ্দিন বাহার।

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর বাহাউদ্দিন বাহার সাংবাদিকদের বলেন, “চিঠি দিয়ে সিইসি ভুল করেছেন। সিইসির কর্মকর্তারা এভাবে একজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে সম্মানহানি করতে পারেন না। যে চিঠি আমাকে দেওয়া হয়েছে তা সংসদ সদস্যদের তৈরি করা আইনে নয়, সেটা নির্বাচন কমিশনের আইনে করা। আমি এটা নিয়ে হাইকোর্টে রিট করেছি। সংসদেও কথা বলবো। এটা পরিবর্তন করাবো।”

তিনি আরও বলেন, “আমি সরকারের অংশ নই, আমি সংসদ সদস্য। যেহেতু আমি সরকারের অংশ নই, সুতরাং আমি থাকতেই পারি।”

কুসিক নির্বাচনে প্রসঙ্গে বাহাউদ্দিন বাহার বলেন, “প্রশাসনের অতি উৎসাহী কয়েকজন কর্মকর্তা ভোটার আইডি কার্ড দিয়ে ভোট দিতে দিচ্ছেন না। তারা স্লিপ আনতে বলছেন। স্লিপ আবার কি! আমি ভোটার, আইডি কার্ড আমার পরিচয়। তবে নির্বাচনের পরিস্থিতি খুবই শান্ত।”

গত ৮ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষমতাসীন আওয়ামী লীগের কুমিল্লা-৬ আসনের এই সংসদ সদস্যকে ইসি থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

   

About

Popular Links

x