শপথ নেওয়ার জন্য বুধবার সন্ধ্যা থেকে কল পাচ্ছেন নতুন মন্ত্রিসভার মনোনীত সদস্যরা। সূত্র বলছে, এদিন সন্ধ্যায় অন্তত ৩৬ জন সংসদ সদস্যকে ফোন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পাচ্ছেন বলে তাকে ফোন করে জানানো হয়েছে।
পরিচিতদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিক্ষামন্ত্রী দীপু মনিকেও ফোন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বাহাউদ্দিন নাসিম, নাজমুল হাসান পাপন, জুনায়েদ আহমেদ পলক, সাজ্জাদুল হাসান, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং ডা. সেলিম মাহমুদকেও মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য আমন্ত্রণ করা হয়েছে।



