নতুন মন্ত্রিসভা শপথ নেবে রাত পেরোলেই। ইতোমধ্যে পরবর্তী মন্ত্রিসভার হবু সদস্যরা ডাক পেয়েছেন সংশ্লিষ্ট বিভাগ থেকে। বাদ পড়েছেন অনেকেই।
নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৫ জন মন্ত্রী। এছাড়া ১৩ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রীকেও বাদ দেওয়া হয়েছে।
বাদ পড়া মন্ত্রীরা
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন। তফসিল ঘোষণার পর পদত্যাগ করেন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন এমন) বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এর মধ্যে নতুন মন্ত্রিসভায় শুধু ইয়াফেস ওসমান আছেন। জায়গা পাননি মোস্তাফা জব্বার ও শামসুল আলম।
বাদ পড়া উপমন্ত্রী-প্রতিমন্ত্রীরা
নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা। এছাড়া দুজন উপমন্ত্রী বাদ পড়েছেন। তারা হলেন, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
এবার আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে। তারাও নতুন মন্ত্রিসভায় নেই।
আবার দলের মনোনয়ন পেয়েও ভোটের লড়াইয়ে হেরে রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় নিতে হচ্ছে তিনজন প্রতিমন্ত্রীকে। তারা হলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। তাদের নামও নেই নতুন মন্ত্রিসভায়।



