ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছয় তলার কার্নিশে আটকা পড়ে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস
রবিবার (২১ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সদরের ভারতীয় ভিসা সেন্টারের পাশে অবস্থিত একটি মাদ্রাসা থেকে ওই ছাত্র পালানোর জন্য সাততলা ভবনের ছাদ থেকে দড়ি বেয়ে নামছিল। কিছুদূর নেমে সে আতঙ্কিত হয়ে ছয়তলার কার্নিশে আটকা পড়ে। এ অবস্থায় সে নিচেও নামতে পারছিল না, উপরেও উঠতে পারছিল না। কার্নিশে ভয়ে ও আতঙ্কে গুঁটিসুটি মেরে বসে ছিল।”
তিনি জানান, সাগর নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল কাজী রাসেল। তিনি তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।



