ঈদে কেন্দ্রিয় চরিত্রে কোনো সিনেমা বড় পর্দায় আসেনি নায়িকা মাহিয়া মাহির। তবে ‘‘রাজকুমার’’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করে রীতিমত সাড়া ফেলে দিয়েছেন তিনি।
সাম্প্রতিককালে বিবাহ বিচ্ছেদ হলেও নিজেকে যে গুছিয়ে নিয়েছেন তা মোটামুটি বোঝা যায় ফেসবুকে তার দিনপঞ্জি দেখলেই। সন্তান ও কাজে ফেরা নিয়ে খোশমেজাজে নায়িকা।
এরমধ্যেই ঈদ উপলক্ষে টেলিভিশন অনুষ্ঠানে আসেন মাহি, সঙ্গে ছিলেন ঢাকাই সিনেমার নায়ক জয় চৌধুরী। একত্রে এখনও সিনেমা করেননি তারা। টেলিভিশনেও এভাবে প্রথম। দুজনের মধ্যে সম্পর্কও বেশ ভালো। কিন্তু কীভাবে বন্ধনে আটকা পড়লেন তারা? এই প্রশ্নের জবাব জানিয়ে দিয়েছেন মাহি নিজেই।
অভিনেত্রী বলেন, ‘‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন, তাদের সাথে কখনোই আমার ভালো সম্পর্ক হয় না। পরিচালকের সাথে ভালো সম্পর্ক হয় না।’’
তার ভাষায়, ‘‘কারণ, আমি ভাবি হিরোর চাইতেও আমাকে ভালো করতে হবে। যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না, একটা শত্রু শত্রু ভাব। জয়ের সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’’
একই কথা বলেছেন নায়ক জয় চৌধুরীও। তিনি বলেন, ‘‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না। সম্পর্ক গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।’’
যাইহোক ঈদ কেমন কাটল নায়িকার? এমন প্রশ্নে মাহি বলেন, ‘‘আমার ঈদ কেটেছে ফারিশকে নিয়ে। ওকে গাড়ি দিয়েছি স্মৃতির জন্য। আমি আমার বাচ্চার জন্য যেটা ভালো মনে হয়েছে, সেটাই করেছি। এটার এত ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই।’’



