Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘দুষ্টু কোকিল’ গানের আলোচিত এই মডেল সম্পর্কে যা জানা গেল

মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতি নজর কেড়েছেন তিনি

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৫:০২ পিএম

দেশজুড়ে সিনেমা হলগুলোতে চলছে “তুফান”ঝড়। মুক্তির এক সপ্তাহ পরও হাউসফুল যাচ্ছে শাকিব খান অভিনীত রায়হান রাফীর সিনেমাটি।

এদিকে, সিনেমার মতোই আলোড়ন তুলেছেন “তুফান” এর “দুষ্টু কোকিল” শিরোনামের একটি গান।

গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে উঠে এসেছে।

গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনা।

তবে গানটির গায়কী ও অন্যান্য আয়োজন ছাপিয়ে বিশেষভাবে নজর কেড়েছেন এক তরুণ। মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতে তিনি জয় করে নিয়েছেন সিনেমাপ্রেমীদের হৃদয়।

মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতি হলেও দারুণ অভিব্যক্তি দিয়ে ঝড় তুলেছেন এই মডেল-অভিনেতা। বিশেষ করে তরুণীরা তার ওই অভিব্যক্তিতে বুঁদ হয়ে আছেন। যার প্রমাণ মিলছে ফেসবুক, টিকটকে ঢুকলেই।

গানটিতে “নদীর বুকে চর, আমি কি তোর পর, আকাশ ভরা চাঁন্দের আলোয়, বাঁধবো সুখের ঘর", এমন কথার কিছু অংশে ঠোঁটও মিলিয়েছেন এই মডেল। আর এই অংশে তার নাচ ও অভিব্যক্তি ফেসবুক রিলস ও টিকটকে শেয়ার করছেন অসংখ্য মানুষ। যাদের বেশিরভাগই তরুণী।

স্বল্প সময়ে অসংখ্য বাংলাদেশি ভক্ত তৈরি করে ফেলা এই অভিনেতার নাম মানব সচদেব।

এই মডেল ও অভিনেতা কলকাতায় বেশ পরিচিত মুখ। কাজ করেছেন স্টার জলসা ও জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিকে। বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে নিয়মিত উপস্থিতি দেখা গেছে তার। 

“সাহেবের চিঠি” সিরিয়াল দিয়ে নজর কাড়েন এই অভিনেতা। বি.সি. জুয়েলার্সের বিজ্ঞাপন দিয়ে পান বেশ জনপ্রিয়তা। বেশকিছু পোশাক ব্র্যান্ডের মডেল হিসেবেও দেখা গেছে তাকে। 

সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা “শাহজান রিজেন্সি”তে দেখা গেছে তাকে। জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। তাকে দেখা গেছে জি টিভির হিন্দি ধারাবাহিক “রিস্তো কা মানজা”তে। সম্প্রতি অভিনয় করেছেন কাজল আগরওয়াল ও টিনু আনন্দের সঙ্গে একটি হিন্দি সিনেমায়।

প্রসঙ্গত, ‘‘তুফান’’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

   

About

Popular Links

x