সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতি ও সভ্যতা বিকাশের মঞ্চে যুগপৎভাবে বদলেছে মানুষের জীবনধারণ ও দৃষ্টিভঙ্গি। পুরোনো জায়গায় নতুনের স্থলাভিষিক্ত হওয়ার মধ্য দিয়ে প্রগতিশীলতার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে ঐতিহ্যের ভিত্তি প্রস্তরে। সময়ের এই ধারাকে অব্যাহত রাখার তেমনই এক নিদর্শন “জেনারেশন জেড” বা “জেন-জি”।
১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে শেষের দিকে এবং ২০১০ এর দশকের প্রথম দিকে জন্মগ্রহণকারীদের বলা হয় “জেনারেশন জেড” বা সংক্ষেপে “জেন জি”। আরও সুস্পষ্ট করে বলতে গেলে ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছন তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত। ২০২৪ সালের হিসেবে সবচেয়ে বড় জেড সদস্যের বয়স ২৭, আর সর্বকনিষ্ঠজনের বয়স ১২ বছর।
এই জেন–জি’র জীবযাপন, আচার-আচরণের ধরন যেমন অন্য জেনারেশন থেকে একটু আলাদা, তেমনই কিছুটা ভিন্নতা রয়েছে তাদের ব্যবহৃত ভাষাতেও। দৈনন্দিন কথোপকথন, লেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এমন কিছু শব্দ ব্যবহার করে থাকেন, যা পুরোনো প্রজন্মের অনেকেই বুঝতে পারেন না। চলুন, জেনে নিই জি’র ব্যবহৃত এমন কিছু শব্দের অর্থ সম্পর্কে-
অরা (Aura)
অরা (Aura) শব্দটি জেন-জি’র ছেলেমেয়রা সাধারণত ব্যক্তিত্বের পরিমাপক হিসেবে ব্যবহার করে। একজন কতটা “কুল”বা ইতিবাচক; কিংবা কতটা “আনকুল” বা নেতিবাচক, তা প্রকাশ এই শব্দ দিয়ে। এক্ষেত্রে তারা ইতিবাচক অর্থে “অরা গেইন” এবং নেতিবাচক অর্থে “অরা লস” শব্দযুগল ব্যবহার করে।
ড্রিপ (Drip)
ড্রিপ (Drip) শব্দটি সাধারণত ট্রেন্ডি এবং উচ্চশ্রেণির ফ্যাশন বোঝাতে ব্যবহার করা হয় শব্দটি। কুল শব্দের বিকল্প হিসেবেও ড্রিপ ব্যবহৃত হয়।
এরা (Era)
কোনো ব্যক্তির বর্তমান আগ্রহ বা অগ্রাধিকার বোঝাতে ব্যবহৃত হয় এরা (Era) শব্দটি ব্যবহার করা হয়।
বেইজড (Based)
সাধারণদ “কে কীভাবে দেখল, তা তোয়াক্কা না করে নিজের অবস্থানে অবিচল থাকা” বোঝাতে বেইজড (Based) শব্দের ব্যবহার করা হয়। তবে শব্দটি এখন ব্যবহৃত হয় কোনো মতামত বা কোনো কিছুতে একমত পোষণ করার ক্ষেত্রে।
ব্রাহ্ (Bruh)
কোনো ব্যক্তি কিংবা কোনো কিছুর প্রতি শক, হতাশা কিংবা বিব্রতবোধ বোঝাতে ব্রাহ্ (Bruh) শব্দটি ব্যবহার করা হয়। এটি মূলত ইংরেজি “ব্রাদার” শব্দের সংক্ষিপ্ত রূপ।
বাসিন (Bussin)
বাসিন (Bussin) শব্দটি মূলত কোনো কিছুকে খুব ভালো বোঝাতে বলা হয়। রান্নার প্রশংসা করতেও শব্দটির ব্যবহার রয়েছে।
ক্যাপ (Cap)
কেউ মিথ্যা বলছে, তা ধরতে পারলে “ক্যাপ/ক্যাপিং” বলা হয়। সত্য বোঝাতে ব্যবহার করা হয় “নো ক্যাপ” শব্দযুগল।
কুক (Cook)
কোনো ফলাফলের লক্ষ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া, যাতে অন্য পক্ষ বিব্রত বা অস্বস্তিবোধ করে; এমন বোঝাতে কুক (Cook) শব্দটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে সবচেয়ে পরিচিত বাক্য হলো “লেট হিম কুক”। অর্থাৎ, সে এমন পরিস্থিতি তৈরি করুক, যাতে পরে বিব্রত বোধ করে।
ডেলুলু (Delulu)
ইংরেজি “ডিলিউশনাল” শব্দটির বিবর্তিত রূপ “ডেলুলু (Delulu)”। অসম্ভব বা আকাশকুসুম মনোভাব বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়। বিশেষত কোনো সম্পর্কের বেলায় কারও আকাশকুসুম প্রত্যাশাকে ডেলুলু বলা হয়।
ফ্লেক্স (Flex)
সোজা বাংলায় বলতে গেলে, ভাব দেখানো বোঝাতে এই শব্দের ব্যবহার। এই ভাব হতে পারে যেকোনো বিষয়ে। হতে পারে নিজের অর্জন, গুণ কিংবা প্রভাবপ্রতিপত্তি নিয়ে। অর্থাৎ নিজের কর্মকাণ্ডের উৎকৃষ্টতার প্রকাশকে ফ্লেক্স বলা হয়।
গ্লো আপ (Glow-Up)
বিশেষ উন্নতি অর্থে এই শব্দের ব্যবহার। কারও বড় কোনো উন্নতি দেখলে সেটিকে ইঙ্গিত করে “গ্লো আপ” ব্যবহৃত হয়।
গোট (GOAT)
এটি মূলত “গ্রেটেস্ট অব অল টাইম” (Greatest of all Time)–এর সংক্ষিপ্ত রূপ। বাংলায় যাকে বলা হয় “সর্বকালের সেরা”।
আই ওয়াই কে ওয়াই কে (Iykyk)
এটি “ইফ ইউ নো, ইউ নো” (If you know, you know)–এর সংক্ষিপ্ত রূপ। কোনো একটি বিষয়ে কেউ আগে থেকে অবগত থাকলে শব্দটি ব্যবহার করে তার ইঙ্গিত দেয়।
লিট (Lit)
ইতিবাচক, মজার, বিস্ময়কর, দারুণ, চমৎকার বা “কুল”অর্থে লিট শব্দের ব্যবহার করা হয়।
পুকি (Pookie)
আদর করে পছন্দের মানুষ, বিশেষত বন্ধু ও ভালোবাসার মানুষকে “পুকি” ডাকা হয়।
রিজ (Rizz)
ইংরেজি “কারিজমা” শব্দটি থেকে “রিজ”। বাংলায় যেটাকে কারিশমা বা আকর্ষণী শক্তি কিংবা মাধুর্য বোঝায়। কারও কথা, চলনবলন বা ব্যক্তিত্ব কতটা আকর্ষণীয়, জেন-জি’র ছেলেমেয়ার তা বোঝাতে “রিজ” শব্দ ব্যবহার করে।
সিম্প (Simp)
কারও প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়া। বিশেষ করে কোনো নারীর প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়াকে “সিম্প” বলা হয়।
স্কিবিডি (Skibidi)
অতিরঞ্জিত কোনো কিছু কিংবা হাস্যকর বোঝাতে স্কিবিডি (Skibidi) শব্দের ব্যবহার করা হয়। ইতিবাচক এবং নেতিবাচক দুটি অর্থেই এই শব্দের ব্যবহার রয়েছে।
সাস (Sus)
ইংরেজি “সাসপেক্ট” এবং “সাসপিশিয়াস” শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ এটি। কোনো বিষয়ে বা কারও ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয় সাস (Sus) শব্দ দিয়ে।
টি (Tea)
নির্দিষ্ট কারও কিংবা কোনো বিষয় নিয়ে আলোচনা কিংবা পরচর্চা করা বোঝাতে টি (Tea) শব্দের ব্যবহার করা হয় । মূলত চা খেতে খেতে আলোচনা থেকে “টি” শব্দের ব্যবহার শুরু।
সূত্র: প্রথম আলো অবলম্বনে



জেন-জি কারা? কী তাদের বৈশিষ্ট্য