Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ গ্রেপ্তার ১০

অবৈধভাবে মিছিল ও সমাবেশের চেষ্টা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম

ঢাকার গুলিস্থান জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মিছিল ও সমাবেশের চেষ্টা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ট্রাম্পের ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং এরশাদবিরোধী গণআন্দোলনে নিহত নূর হোসেনের প্ল্যাকার্ড উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও অর্থ উদ্ধার করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে তার দলের নেতা-কর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল-সমাবেশের নির্দেশনা দেন। ছবি ও প্ল্যাকার্ডগুলো ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন এবং উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন।

   

About

Popular Links

x