জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পিটুনিতে সেতাব আলী (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় এক পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার চরাঞ্চলে জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ। তিনি জানান, উপজেলা কুলকান্দি ইউনিয়নের দুর্গম যমুনার চরে একটি সংঘবদ্ধ ডাকাত দল, দীর্ঘদিন ধরে গুম-খুন, ডাকাতিসহ নানান অপকর্ম করে আসছে। চক্রটির বিরুদ্ধে স্থানীয় ও বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলে গেলে খবর পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ইসমাইল হোসেন (৩২) ও সুরমান আলী (৩৫) নামের দুইজনকে আটক করে নিয়ে আসার পথে পুলিশ খবর পায় আরেকজন ডাকাতকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়েছে। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের কাছ থেকে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে সেতাব আলীর মৃত্যু হয়।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা করা হয়েছে।



