খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের একদফা দাবিতে টানা ৪০ ঘণ্টা ধরে অনশন চলছে। ৩২ শিক্ষার্থী অনশন শুরু করেন। ৪০ ঘণ্টা পর এসে অনশনে আছেন ২৬ জন। এর মধ্যে ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন।
এদের মধ্যে দুইজন কুয়েট মেডিকেল সেন্টারে ও একজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকালে শিক্ষার্থীরা জানান, সাইফুল নামে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাকে কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সেন্টারে দুইজন চিকিৎসা নিচ্ছেন। এখান থেকে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর অবস্থা গুরুতর হওয়ায় একজনকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, সোমবার (২১ এপ্রিল) বিকেল পৌনে ৪টা থেকে আমরণ অনশন শুরু করেছেন কুয়েটের ৩২ শিক্ষার্থী।
এদিকে, মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির রোকেয়া হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছেন ছাত্রীরা। এ সময় বেশ কয়েকজন ছাত্র তাদের তালা ভাঙতে সহায়তা করেন।
রোকেয়া হলের সামনে অবস্থানকারী ছাত্রীরা বলেন, এখন আমরা ১০/১৫ জন এসেছি। আমাদের অনেক শিক্ষার্থী বাইরে রয়েছে। তারাও ২/১ দিনের মধ্যে হলে প্রবেশ করবে।
এরও আগে, ভিসি’র পদত্যাগের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হলটিও তালাবদ্ধ ছিল। সর্বশেষ সেটিরও তালা ভেঙে ছাত্রীরা হলে প্রবেশ করেছেন।



কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশনের ২০ ঘণ্টা