Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্ঘটনায় আহত ৫০ মেডিকেল শিক্ষার্থী হাসপাতালে

ভারতে দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ওই মেডিকেলের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়  

আপডেট : ১২ জুন ২০২৫, ১০:০৯ পিএম

ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি যে মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (ফাইমা) এ তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশনটি জানায়, পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এছাড়া, দুইজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। কয়েকজন চিকিৎসকের স্বজনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ফাইমার দেওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজে থাকা যাত্রীদের অধিকাংশকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এর আগে, ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটের দিকে উড্ডয়ন করে।

আহমেদাবাদের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, পুলিশ, দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায়।

তিনি আরও জানান, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে উড়োজাহাজের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই।

   

About

Popular Links

x