বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংক অফিসে কালো পতাকা উড়িয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অথবা ১৫ আগস্ট ভোরে ছাত্রলীগের দুই কর্মী গ্রামীণ ব্যাংকের কুশলী শাখায় ও সড়কের আশেপাশে পতাকা টাঙায়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটি ১৫ আগস্ট সকাল ১০টার দিকে এমএম মোরসালিন নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়।
ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, “১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিসসহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয়।”
ভিডিওতে দেখা যায়, মোরসালিন ও তার সহযোগী একব্যক্তি (মাস্ক পরা) টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার সাইনবোর্ড, গেটসহ সামনের সড়কের আশেপাশে কালো পতাকা টাঙাচ্ছেন। মাস্ক পরা ব্যক্তিকে চেনা যায়নি। তবে মোরসালিনকে চেনা গেছে। তিনি ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার কর্মী।
এই বিষয়ে গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “শুক্রবার সকালে অফিসে এসে দেখতে পাই আমাদের গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড ও গেটসহ ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায় কে-বা কারা কালো পতাকা টাঙিয়েছে। পরে সিভিল পোশাকে সম্ভবত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গ্রামীণ ব্যাংকের সামনে এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে ডেকে পতাকা খুলতে বলেন। তখন তাদের কথামতো মিরাজুল পতাকা খুলে ফেলেন।”
এ বিষয়ে জানতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমকে মোবাইল ফোনে কল দিলেও তিনি কেটে দেন। আর গোপালগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক (নিরস্ত্র) কামরুল হাসান কামাল গ্রামীণ ব্যাংকে কালো পতাকা টাঙানোর বিষয়ে কিছুই জানেন না বলে জানান।



