গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ধানক্ষেত থেকে জামায়াতে ইসলামীর এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নজরুল ইসলাম (৩২) নামের ওই নেতা মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন।
রবিবার (১৭ আগস্ট) উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে ধানক্ষেতের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামী শ্রমিককল্যাণ ফেডারেশন, নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে দোকানের লেনদেন শেষে বাড়ি ফেরার পথে নজরুল ইসলাম স্থানীয় মান্নান মণ্ডলের জমির কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে ফাঁকা ধানক্ষেতের পাশে নিয়ে গলা কেটে হত্যা করে।
স্থানীয়দের ধারণা, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে কয়েকজন হ্যাকার গ্রেপ্তার হয়। সন্দেহ করা হচ্ছে, নজরুল ইসলামের দোকানের বিকাশ-নগদ লেনদেনের তথ্য থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সূত্র পেয়েছে বলে হ্যাকাররা মনে করতে পারে। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই দাবি করেন, দোকান চুরি ও মোবাইল ব্যাংকিং লেনদেনসংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
হত্যার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।



