Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

ফটিকছড়ির এ ঘটনায় আরও দুই কিশোরকে পিটিয়ে আহত করা হয়েছে

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানিক ও রাহাত নামের আরও দুই কিশোরকে পিটিয়ে আহত করা হয়েছে। চোর সন্দেহে তাদের মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার চেইঙ্গার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত মাহিন ওই এলাকার সাকর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজসংলগ্ন এলাকায় যায়। এ সমবয়সী কিছু ছেলে তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নেয়। কিন্তু প্রতিপক্ষ জোর করে তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে মাহিনকে বাঁচাতে এলে তার বাবা ও মাকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা।

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরিকল্পিতভাবে চুরির অজুহাতে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তারা তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “শুক্রবার ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় একটি দল ধাওয়া করলে তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়। পরে তাদের ধরে এনে মারধর করা হয়। এতে মাহিন নামে এক কিশোরের মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x