Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা

জাহাজটি ঘুরিয়ে আরব আমিরাতের শারজা বন্দরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগরে ৪০ দিন ধরে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে হরমুজ প্রণালির কাছাকাছি এসে পৌঁছে। এরপর ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজা বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ “বাংলার জয়যাত্রা” যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক সংবাদমাধ্যমকে বলেন, “ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনো অব্যাহত। জয়যাত্রা এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এ ছাড়া বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।”

মাহমুদুল মালেক জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে এর জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে।

এদিকে বিএসসি জানিয়েছে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

   

About

Popular Links

x