Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে আগুনে গরুর খামার, দোকান পুড়ে ছাই

গভীর রাতে সবাই যখন ঘুমে তখন আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ আগুনে গরুর খামারসহ ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ওয়াগয় পাড়া রোয়াংছড়ি পুরাতন বাস স্টেশন এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে বসতঘর, ৫টি দোকানসহ গবাদি পশুর খামার পুড়ে যায়। দোকানের মালামাল, ২টি মোটরসাইকেল ও খামারে থাকা ৩টি গরু, ২টি ছাগল আগুনে পুড়ে গেছে। ঘটনায় ক্ষতিগ্রস্তরা মালামাল উদ্ধার করতে না পেরে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে সঠিক তথ্য জানা না গেলও খামারি মোহাম্মদ জসিম উদ্দিনের গরুর খামার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, প্রিয় তঞ্চঙ্গ্যা, মুঞ্যজয় তঞ্চঙ্গ্যা, কল্যাণময় তঞ্চঙ্গ্যা, খামারি মোহাম্মদ জসিম উদ্দিন ও কাঁচা মালের ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সবাই যখন ঘুমে তখন আগুন দেখতে পায় স্থানীয়রা। এসময় দ্রুত আগুনের তীব্রতা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত প্রিয় তঞ্চঙ্গ্যা জানান, প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আমরা ধারণা করছি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আগুনের সঠিক সূত্রপাতের কারণ তদন্তের পর বলা যাবে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি। এসময় ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x