সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরিবহন মালিকদের বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম এক বিবৃতিতে এই নির্দেশনা দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ বেশি ভাড়া আদায় করা যাবে না।
মালিক সমিতি জানিয়েছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। বর্তমানে ডিজেলে লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে জানা গেছে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিভাগটিতে একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
অন্যদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে জানা গেছে , "ভাড়া পুনর্নির্ধারণ কমিটি দূরপাল্লা ও মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পর এই হার কমবেশি হতে পারে।"



