ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নাহিদা আক্তার ধামরাই পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় তার নানির বাড়িতে বসবাস করত। সে ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মা লিজা আক্তার প্রবাসী। বাবা নুর হোসেন বরিশাল থাকেন।
নাহিদার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে নাহিদা আক্তার নিজ ঘরে পড়াশোনা করছিল। নানি দেলোয়ারা বেগম তখন দুধ আনার জন্য বাইরে যান। এ সময় তিনি নাহিদাকে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ রাখতে বলে যান। কিছুক্ষণ পর বাইরে থেকে ফিরে এসে দেলোয়ারা বেগম ঘরের দরজা খোলা এবং রান্না ঘরে রক্তাক্ত অবস্থায় নাহিদাকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে নাহিদাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেছেন, "স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা ওই তরুণীকে হত্যা করেছে, তা এখনো জানা যায় নি। নিহতের গলায় ও মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার গলায় ও কানে থাকা স্বর্ণের গহনাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।"
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।



