Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কানের ভেতরে লুকানো ইয়াবা, ৯ দিন পর অস্ত্রোপচারে উদ্ধার

পটুয়াখালীতে যুবকের কান থেকে মিলল দুটি ইয়াবা ট্যাবলেট

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ এএম

পুলিশের নজর এড়াতে কানের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবা। শেষ পর্যন্ত তীব্র ব্যথা সহ্য করতে না পেরে ধরা পড়ে সেই কৌশল। দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে এক যুবকের কান থেকে উদ্ধার করা হয়েছে দুটি ইয়াবা ট্যাবলেট। ঘটনাটি পটুয়াখালীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসাদুজ্জামান রাজিব অস্ত্রোপচারের মাধ্যমে ট্যাবলেট দুটি বের করেন।

জানা গেছে, নিরব ইসলাম (১৯) নামের ওই যুবককে ২২ এপ্রিল পরিবারের সদস্যরা পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নিরবের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেন্দ্রে ভর্তি হওয়ার পর থেকেই নিরব কানে তীব্র ব্যথার কথা জানাতে থাকেন। বিষয়টি গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষ তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের সময় কানের ভেতর থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়েন। এমন অস্বাভাবিক উপায়ে মাদক বহনের ঘটনা চিকিৎসক সংশ্লিষ্টদের জন্যও ছিল অপ্রত্যাশিত।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিরব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আগেও কয়েকবার গ্রেফতার করা হয়েছে।

মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, “পরিবারের সদস্যরা নিরবকে কেন্দ্রে ভর্তি করার পর তার শারীরিক সমস্যার কথা জানা যায়। পরে চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচার করে কানের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।“

তিনি আরও জানান, নিরবের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর এলাকায়। এর আগে তাকে চার মাসের জন্য জেলা কারাগারেরসেফ কাস্টডিতেও রাখা হয়েছিল।

ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, মাদক পাচারকারীরা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ অস্বাভাবিক পদ্ধতি ব্যবহার করছে। এসব ঠেকাতে নজরদারি আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

   

About

Popular Links

x