Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আজ থেকে বর্ধিত ভাড়া কার্যকর, জেনে নিন কোন রুটে ভাড়া কত

একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) থেকে এই বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে। প্রতিটি বাসে নতুন ভাড়ার চার্ট টাঙানো থাকবে। এর আগে ২৫ এপ্রিল নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।

গাবতলী ভিত্তিক রুট

নতুন তালিকা অনুযায়ী, গাবতলী থেকে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রুটগুলোতে ভাড়ার উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ঢাকা-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসের ভাড়া ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ১,২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-রংপুর রুটে ভাড়া হবে ৭৫১ ও ৯১১ টাকা। দিনাজপুর রুটে ভাড়া ৯৭৪ টাকা (৫১ আসন) এবং ১,২৪১ টাকা (৪০ আসন)। এছাড়া রাজশাহী ও মেহেরপুর রুটেও ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ ভিত্তিক রুট

সায়েদাবাদ টার্মিনাল থেকে চট্টগ্রাম, সিলেট ও দক্ষিণাঞ্চলের রুটেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৫৫২ টাকা। কক্সবাজার যেতে ভাড়া পড়বে ৯০০ থেকে ১,১৪৭ টাকা (আসনভেদে)। সিলেট রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ ও ৭৪০ টাকা। ঢাকা-টেকনাফ রুটে সর্বোচ্চ ভাড়া ১,৩৩৫ টাকা (৪০ আসনের বাস)।

মহাখালী ভিত্তিক রুট

মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ ও আশপাশের জেলার ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ রুটে ভাড়া ২৯৪ ও ৩৭৫ টাকা। জামালপুরে ৩৮৬ ও ৪৯২ টাকা এবং কিশোরগঞ্জে ৪০১ ও ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা। জ্বালানির এই মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ।

   

About

Popular Links

x