Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্টুডেন্ট ভাড়া দিতে চাওয়ায় শিক্ষার্থীদের মারধর, সেলফির ১১ বাস আটক

সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা গাড়িগুলো আটকে রাখে ক্যাম্পাসের ভেতর

আপডেট : ০৭ মে ২০২৬, ১২:৪০ পিএম

ঢাকার ধামরাইয়ে চলন্ত বাস থেকে এক শিক্ষার্থীকে ফেলে দেওয়া ও মারধরের অভিযোগে ১১ টি সেলফি গাড়ি আটক করেছে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে) বিকেলে সাভার সরকারি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী গাড়িগুলো আটকে রাখে ক্যাম্পাসের ভেতর।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ইমন নামে এক শিক্ষার্থী৷ তিনি সাভার সরকারি কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়াও আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন ।

সাভার কলেজের চতুর্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “৪র্থ বছরের ফাইনাল পরীক্ষা চলছে। সাভার সরকারি কলেজের পরীক্ষা ধামরাই কলেজে নেওয়া হয়। আজ দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য আহত ইমনসহ আরও শিক্ষার্থীরা সেলফি বাসে করে সাভার থেকে ধামরাই যাচ্ছিলো।”

“এসময় বাস ভাড়া নিয়ে বাসের কন্ট্রাক্টরের সঙ্গে তর্ক শুরু হয় শিক্ষার্থীদের। এক পর্যায়ে বাসের কন্ট্রাক্টর ইমনসহ আরও ৩/৪ জন ছাত্রকে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা বলেন, “কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে স্টুডেন্ট ভাড়া নিয়ে তর্কের জেরে মারধর করে তারা। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর। এঘটনায় কলেজের ছাত্ররা ১১ টি সেলফি বাস আটক করেছে।” পুরো বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সেলফি বাস কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

   

About

Popular Links

x