মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় রবিবার (১৭ মে) সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন।
মামলার বাদী এবং সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আজ রবিবার আদালতে মুফতি আমির হামজার হাজির হওয়ার কথা ছিল। তবে তিনি আদালতে উপস্থিত হননি। এর আগে তার বিরুদ্ধে সমন ও পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ তিনি হাজির না হওয়ায় আদালত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পত্রিকায় হুলিয়া বা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।”
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, দেশের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়ের করা হয়।
মামলা গ্রহণের পর ওই দিনই আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে গত ২১ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু ২১ এপ্রিল নির্ধারিত সময়ে তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন আদালত।
পরবর্তী ধার্য তারিখ অনুযায়ী আজ রবিবারও মুফতি আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায়, আদালত তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এই আদেশ দেন। মামলার পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিষয়টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে রয়েছে।



