ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাগরিকা আক্তার বুলবুলি নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী।
রবিবার (২৪ মে) ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে ও স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের পিতা ইন্তাজ আলী বিশ্বাস অভিযোগ করে জানান, বেশ কয়েক দিন ধরে শিমুল তার স্ত্রী বুলবুলিকে মানসিক ও শারিরীক অত্যাচার করে আসছিল। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপও দিচ্ছিল। এর আগের মারধর করার কারণে বুলবুলি বাবার বাড়িতে চলে যায়। গত তিন দিন আগে শিমুল তাকে নিয়ে বাড়িতে আসে। শনিবার গভীর রাতে বুলবুলিকে কুপিয়ে গুরুতর আহত করে শিমুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থা রবিবার ভোররাতে মারা যায় বুলবুলি। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী শিমুল হোসেন। তাকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনার সংবাদ শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।



