ভোলার চরফ্যাশন উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় অভিযুক্ত ব্যক্তির গোপনাঙ্গে আঘাত করার ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমাম সর্দার (৩৫) একই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম সর্দার দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে তিনি ওই নারীর বসতঘরের রান্নাঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় আত্মরক্ষার্থে গৃহবধূ ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করেন। পরে আহত অবস্থায় চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ইমাম সর্দার।
ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



