Tuesday, June 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছিনতাইকারীর হামলায় আহত ওসি ও এসআই, আটক ৪

অপরাধীদের ধরতে অভিযানের সময় পুলিশের ২ কর্মকর্তা ঢাকা উদ্যানের কাছে আক্রান্ত হন

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

রাজধানীতে বিকাশ এজেন্টকে কুপিয়ে অর্থ ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে অভিযানের সময় পুলিশের ২ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে আহত হয়েছেন সন্দেহভাজন ২ ব্যক্তি। আটক করা হয়েছে ৪ জনকে। 

মঙ্গলবার (১৬ জুন) বিকালে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান জানান, আসামি ধরতে গিয়ে ঢাকা উদ্যানের কাছে তাদের একটি দল আক্রান্ত হয়। আসামিরা পুলিশ দেখে ওসি ও একজন এসআইয়ের ওপর হামলা চালায়। 

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও এক উপ-পরিদর্শক (এসআই) তরুণ। 

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, “আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালালে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।” 

ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে রুবেল, কাশেম, আমির ও জয় নামের ৪ জনকে। তাদের মধ্যে আমির ও রুবেল পুলিশের গুলিতে আহত হয়েছেন। 

এর আগে, বেলা ১১টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা লুট করে ছিনতাইকারীরা। 

মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ এর এজেন্ট শফিকুল ইসলাম (৩৯) বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

   

About

Popular Links

x