চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আইয়ুব বাবুল নামে এক আওয়ামী লীগ নেতা।
সোমবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে তিনি মায়ের জানাজায় অংশ নেন।
এর আগে, দুপুরে তার মায়ের মৃত্যু হলে রাত নয়টা থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি।
তিনি আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালে ২৯ এপ্রিল থেকে কারাগারে থাকা এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের পাহারায় পটিয়ায় আসেন তিনি। রাত সাড়ে নয়টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। সেসময় হাতকড়া পরে জানাজায় অংশ নেন আইয়ুব বাবুল। পরে পারিবারিক কবরস্থানে তার মায়ের মরদেহ দাফন করা হয়।
নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন।



