দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচল ব্যাহত হয়।
রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এতে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করে অবমাননা করা হয়েছে।

এ সময় পরীক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে সায়েন্সল্যাব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।
এছাড়া রাজশাহী, বরিশাল বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়া গেছে।



