Tuesday, August 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘পুরো সক্ষমতায় ফেরাতে সাময়িকভাবে বন্ধ রাখতে হবে এলএনজি টার্মিনাল’

মঙ্গলবার ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী

 
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

কক্সবাজারে মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় ফেরানোর জন্য পুনরায় সাময়িকভাবে তা বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী অমিত বলেন, “কোন সময়ে টার্মিনালটি বন্ধ রাখলে শিল্প, বিদ্যুৎ ও অন্য গ্রাহকের ওপর সবচেয়ে কম প্রভাব পড়বে, তা নিয়ে এক্সেলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে।”

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “এক্সেলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউতে সমস্যার কারণে দেশে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে। এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।” 

বিদ্যুৎ ঘাটতির কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রায় ৩০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। কিন্তু বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করতে পারছি না। জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য তো অর্থের জোগান থাকতে হবে। সেই জোগানের জায়গাটি আসলে আমাদের হাতে নেই।”

তিনি আরও বলেন, “আমাদের যেসব গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সেগুলো যদি পূর্ণ সক্ষমতায় চালাতে পারতাম, তাহলে আজ বিদ্যুৎসংকটে মানুষকে এই কষ্ট করতে হতো না।”

জুলাইয়ের শেষের দিকে টার্মিনালটিতে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। প্রায় দুই সপ্তাহ পর গত বৃহস্পতিবার টার্মিনালটি আংশিকভাবে চালু করা হয়।

   

About

Popular Links

x