Saturday, August 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

খাগড়াছড়িতে ৫ বস্তা গুইসাপসহ নারী আটক

জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে গুইসাপগুলো উদ্ধার করে

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০১:১০ পিএম

খাগড়াছড়িতে পাঁচ বস্তা গুইসাপসহ এক নারীকে আটক করা হয়েছে। বস্তাগুলো খুলে মোট ২৪টি গুইসাপ পাওয়া যায়। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল।

বুধবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে গুইসাপগুলো উদ্ধার করে।

আটক নারীর নাম প্রেমরাছো মারমা (৪৭)। তিনি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী। তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা যায়, চেঙ্গী স্কয়ার এলাকায় ভ্রাম্যমাণ আদালত প্রেমরাছো মারমার কাছ থেকে পাঁচটি বস্তা জব্দ করে। পরে বস্তাগুলো খুলে গুইসাপ পাওয়া যায়।

আটক প্রেমরাছো মারমা জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২,০০০ টাকা দিয়ে তিনি গুইসাপগুলো কিনেছিলেন। খাগড়াছড়িতে এনে সেগুলো বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তার।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, “উদ্ধার করা ১০টি জীবিত গুইসাপ রাতেই আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। আর মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বন্য প্রাণী শিকার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বন বিভাগ নিয়মিত অভিযান চালাবে।”

জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী জানান, আটক নারীকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x