বগুড়ায় স্ত্রী মর্জিনা খাতুনকে (২৮) নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ওমর ফারুককে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনাকীর্ণ আদালতে বগুড়ার বিশেষ দায়রা জজ আয়েজউদ্দিন এ রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর হারুনার রশিদ এ তথ্য দিয়েছেন।
মামলা ও আদালত সূত্র জানায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুকানগাড়ি গ্রামের বাসিন্দা ওমর ফারুক প্রায় ১০ বছর আগে একই উপজেলার লানুকা গ্রামের মনতাজ সাকিদারের মেয়ে মর্জিনা খাতুনকে বিয়ে করেন।
বিয়ের পর ওমর ফারুক স্ত্রীকে নিয়ে সঞ্জয়পুর গ্রামে বসবাস করতেন। তাদের সংসারে এক সন্তান রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে গত ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ওমর ফারুক শয়ন ঘরে স্ত্রী মর্জিনার ওপর নির্যাতন চালান। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করেন।
পরদিন সকালে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘরের খাটের ওপর মর্জিনার মরদেহ দেখতে পান। এ ব্যাপারে নিহতের বাবা মনতাজ সাকিদার দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেন।
পরে পুলিশ আসামি ওমর ফারুককে গ্রেপ্তার করে। তিনি আদালতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।
আসামি পক্ষে অ্যাডভোকেট এহসানুল হক বাবু মামলা পরিচালনা করেন।



