Tuesday, November 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

হঠাৎ চট্টগ্রাম কারাগার থেকে চিন্ময় কৃষ্ণকে কেরানীগঞ্জে স্থানান্তর 

তবে, চিন্ময়ের খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে তার সঙ্গে নেওয়া হয়নি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হঠাৎ করেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘‘চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে।’’ কী কারণে হঠাৎ করে তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।  

কারা সূত্র জানায়, চিন্ময়ের খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে তার সঙ্গে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। 

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তার সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নিয়ে যায়। 

ওই বিক্ষোভের সময় আদালত সড়কে কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। 

এ ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর আলিফের বাবা জামাল উদ্দিন নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়। 

তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়। 

   

About

Popular Links

x