চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে আকবর শাহ থানার বরিশালঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিনুর আকতার (৩০) ও মাহিনুর আকতার (২০)। তারা আপন দুই বোন।
আর বাকি দুজন হলেন লিটন (২১) এবং ইমন (১৪)। তারাও আপন দুই ভাই।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, রাত দেড়টার দিকে আকবর শাহ থানাধীন ১ নম্বর ঝিলের বরিশালঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ ছয়জন মাটি চাপা পড়েন। এতে মারা যান শাহিনুর ও মাহিনুর নামে দুই বোন।
এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের বাবা ফজল হক ও মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের গ্রামের বাড়ি পিরোজপুরে বলে জানিয়েছেন ওসি ওয়ালী উদ্দিন।
অন্যদিকে রাত ৩টার দিকে একই থানাধীন বিজয়নগর লেকসিটি এলাকায় আরেক পাহাড় ধসে লিটন ও ইমন মারা যান।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জাগো নিউজকে বলেন, বরিশালঘোনায় পাহাড় ধসে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্যদিকে লেকসিটি এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়েছিল দুই ভাইয়ের মরদেহ। সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, রাত একটার দিকে বরিশাল ঘোনা এলাকায় আগে ঘটনা ঘটে। এরপর রাত তিনটার দিকে লেকসিটির বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ জানান, শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবারও থেমে থেমে বৃষ্টি অব্যহত থাকতে পারে।



