জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করা হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে কারাগারেই থাকতে হচ্ছে সম্রাটকে।
বুধবার (১০ আগস্ট) সম্রাটের করা করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের এ মামলায় গত ১১ মে জামিন পেয়েছিলেন সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন দিয়েছিলেন। সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আবেদনের ওপর শুনানি নিয়ে গত ১৮ মে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। পাশাপাশি সাত দিনের মধ্যে সম্রাটকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সম্রাট আপিল বিভাগে আবেদন করেন।
২০১৯ সালের ৬ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় মামলা করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং (অর্থ পাচার) আইনে মামলা করে। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।



