গুলিস্তানে বিস্ফোরণের ঘটনার পর মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ড. খ মহিউদ্দিন। কয়েকদিন পরে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
ড. খ মহিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা খুবই মুশকিল। সালফারের গন্ধ বা বিস্ফোরকের গন্ধ ক্লিয়ার বোঝা যায়নি। কোনো ধরনের স্প্লিনটার আমাদের চোখে পড়েনি। আমাদের বিশেষজ্ঞ টিম কাজ করছে। ফায়ার সার্ভিসও কাজ করছে।”
বিল্ডিং ধসে পড়েনি উল্লেখ করে তিনি বলেন, “ঘটনাস্থলের আশপাশের এলাকা তছনছ হয়ে গেছে। আমরা খতিয়ে দেখছি এ ঘটনাটি কীভাবে হয়েছে। এখন বিদ্যুৎ নেই। সেসব বিষয় দেখতে হচ্ছে। আশপাশের এলাকা নিরাপত্তা দিতে হচ্ছে।”
মেহেদি হাসান/ঢাকা ট্রিবিউনডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, “জনগণ যেন আমাদের কাজের স্পেস দেয়, এটি এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এলাকাটি এখন অন্ধকার। এখানে অনেক দোকানদার-দোকান পাট রয়েছে, একটি ব্যাংক রয়েছে আমাদের সবদিকে খেয়াল রাখতে হচ্ছে। স্থানীয় জনগণের সহায়তা কামনা করছি।”
উল্লেখ্য, ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন শতাধিক। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।



