কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক মানুষ। এছাড়াও পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত একই ধরনের ঘটনায় ঢামেক থেকে ৬০ জন চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, কোরবানির পশু জবাই করতে গিয়ে কারও কারও আঙুলও কাটা পড়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “সকাল থেকে চিকিৎসা নিতে আসছেন মানুষজন। কেউ গরুর শিংয়ে আঘাত পেয়েছেন, কেউ ছুড়ি চালাতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছেন। এ রকম কেসই বেশি।”
তিনি বলেন, “দুই-একজন অবজারভেশনে আছেন। তবে তেমন গুরুতর কেউ নেই আপাতত।”
এদিকে রাজধানীর পঙ্গু হাসপাতালের (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠা) চিকিৎসকরা জানিয়েছেন, সকাল থেকে হাসপাতালে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। এসব আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে। এছাড়া কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে হাতের রগ কেটে ফেলার ঘটনাও আছে।



